২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন উরুগুয়ের প্রধান কোচ মার্সেলো বিয়েলসা। ঘোষিত দলে জায়গা পেয়েছেন ফেদেরিকো ভালভার্দে, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমিনেজ, রদ্রিগো বেনতাঙ্কুর, মানুয়েল উগার্তে ও দারউইন নুনিয়েজের মতো তারকা ফুটবলাররা। তবে আলোচিত বিষয় হয়ে উঠেছে কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজের অনুপস্থিতি।
সম্প্রতি জাতীয় দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন ৩৯ বছর বয়সী সুয়ারেজ। ডাক পেলে অবসর ভেঙে আরেকটি বিশ্বকাপ খেলতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে দলে রাখেননি বিয়েলসা। ফলে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো আসরে দেখা যাবে না উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতাকে।
গত বছর বিয়েলসার কৌশল নিয়ে সমালোচনামূলক মন্তব্য করে আলোচনায় এসেছিলেন মেজর লিগ সকারে মেসির ক্লাব সতীর্থ সুয়ারেজ। যদিও পরে সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তিনি।
দল থেকে বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ মিডফিল্ডার নাহিতান নান্দেজও। বিশ্বকাপ বাছাইপর্বে নিয়মিত খেলা ৩০ বছর বয়সী এই ফুটবলারও শেষ পর্যন্ত জায়গা পাননি চূড়ান্ত স্কোয়াডে। ধারণা করা হচ্ছে, বিয়েলসা তরুণ ও ফর্মে থাকা খেলোয়াড়দের প্রাধান্য দেওয়ার কৌশল অনুসরণ করেছেন।
অন্যদিকে আন্তর্জাতিক অবসর ভেঙে দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। এটি হতে যাচ্ছে তার পঞ্চম বিশ্বকাপ, যা তাকে উরুগুয়ের হয়ে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ড গড়ার সুযোগ এনে দিচ্ছে।
দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে বিশ্বকাপে খেলবে এইচ গ্রুপে। ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর গ্রুপ পর্বে কেপ ভার্দে ও স্পেনের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দলটি।
উরুগুয়ের বিশ্বকাপ দল
গোলরক্ষক: সান্তিয়াগো মেলে, ফার্নান্দো মুসলেরা, সের্হিও রোচেত।
ডিফেন্ডার: গিয়ের্মো ভারেলা, সেবাস্তিয়ান কাসেরেস, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেস, সান্তিয়াগো বুয়েনো, মাথিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনিয়া ও হোয়াকিন পিকেরেস।
মিডফিল্ডার: হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেস, জর্জিয়ান ডি আররাসকায়েতা, ফাকুন্দো পেল্লিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, নিকোলাস দে লা ক্রুস, ব্রায়ান রদ্রিগেস, আগুস্তিন কানোব্বিও, রদ্রিগো সালাজার, রদ্রিগো বেনতানকুর ও ফেদেরিকো ভালভার্দে।
ফরোয়ার্ড: রদ্রিগো আগিরে, ডারউইন নুনিয়েস ও ফেদেরিকো ভিনিয়াস।