Ridge Bangla

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে উগান্ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত সেনাসদস্য মো. মহিউদ্দিন চপল ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। সেনাবাহিনীতে তিনি সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে শান্তিরক্ষা মিশনের দায়িত্ব নিয়ে দক্ষিণ সুদানে যান মহিউদ্দিন। শনিবার হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তাকে দ্রুত উগান্ডার একটি হাসপাতালে হস্তান্তর করা হয়। এরপর চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকাকালে সেখানেই তার মৃত্যু হয়।

যদিও তার মৃত্যু হয় শনিবার রাতে, তবে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন রোববার দুপুরে। প্রিয়জনের মৃত্যুসংবাদ পৌঁছানোর পর তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মহিউদ্দিন তার স্ত্রীসহ দুই ছেলে সন্তান রেখে গেছেন।

This post was viewed: 6

আরো পড়ুন