Ridge Bangla

সীতাকুণ্ডে চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস, ড্রামট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মধ্যে ভয়াবহ চতুর্মুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হন জারিয়া বেগম (৪৫)। তিনি সীতাকুণ্ডের স্থানীয় বাসিন্দা জহুরুল আলমের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকামুখী সৌদিয়া পরিবহনের একটি বাস দ্রুতগতিতে মহাসড়ক অতিক্রম করার সময় সামনে ওঠা একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক নারী বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন।

এরপর নিয়ন্ত্রণ হারানো বাসটি সড়কের মাঝখানে থেমে গেলে পেছন দিক থেকে আসা একটি ড্রামট্রাক বাসটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং একটি বেকারির ভেতরে আংশিকভাবে ঢুকে পড়ে।

এ ঘটনায় বাস, মাইক্রোবাস, সিএনজি ও পথচারীসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন