Ridge Bangla

বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না সরকার: প্রেসসচিব

বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখতে বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী। তিনি বলেন, আইন ও বিচারিক প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিষয়ে সরকার কোনো প্রকার প্রভাব খাটাবে না।

রোববার যুক্তরাজ্যের লন্ডনে বাংলা প্রেস ক্লাবে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মুক্তির প্রসঙ্গ উত্থাপিত হলে প্রেসসচিব বলেন, সরকার বিচার বিভাগের ওপর কোনো খবরদারি করতে চায় না এবং বিচারিক প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হতে দেওয়া হবে।

সালেহ শিবলী বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ করার নীতি বর্তমান সরকারের নেই। কেউ যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কোনো আসামিকে মুক্তির জন্য অনুরোধ করেন, তাহলে সেটিও বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল হতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়নি। অতীতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের হুমকি দেওয়া বা চাপ প্রয়োগের কোনো ঘটনা ঘটেনি।

This post was viewed: 7

আরো পড়ুন