কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পিয়ারপুর এলাকার রহমত মণ্ডলের ছেলে মো. ফুরকান কসাই (৫৫), হাজেদ্দিনের ছেলে মো. এছেম (৫০) এবং আতর আলী কবিরাজের ছেলে মো. ফিরোজ (৪৮)।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হলেও দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
This post was viewed: 16