Ridge Bangla

আবারও বাড়ল পেট্রোল-অকটেনের দাম

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য আবারও সমন্বয় করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন এ দাম আজ ১ জুন থেকে কার্যকর হয়েছে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা প্রতি লিটার বহাল রাখা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল সরকার জ্বালানি তেলের দামে বড় ধরনের সমন্বয় আনে। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

পরে মে মাসে নির্ধারিত মূল্য অনুযায়ী অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হয়।

This post was viewed: 10

আরো পড়ুন