বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য শিগগিরই বাংলাদেশ সফরে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটি প্রতিনিধিদল। রোববার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছাতে পারে। সফরকালে তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আইসিসি বোর্ডকে অবহিত করবে।
যদিও প্রতিনিধি দলের সদস্য ও সফরসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি, তবে বিসিবির চলমান নির্বাচন পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, আইসিসি বোর্ড ও আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন বিসিবির নির্বাচন সম্পন্ন হওয়ার পর দেওয়া হবে বলে জানা গেছে।