Ridge Bangla

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে গিয়ে তিনি ফুলেল শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা, খাদ্য ও বস্ত্র বিতরণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও আদর্শ তুলে ধরার বিভিন্ন আয়োজন।

This post was viewed: 8

আরো পড়ুন