সামাজিক মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং ইউলাই (৩২) নামে এক যুবক। চীনের রাঙ্গগুই প্রদেশের এই স্কুলশিক্ষক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনিকা আক্তারকে (২০) বিয়ে করার উদ্দেশ্যে এক মাসের ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন।
শনিবার (৩০ মে) তিনি মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়ায় আনিকার বাড়িতে পৌঁছান।
তার আগমনের খবর ছড়িয়ে পড়লে বিদেশি এই যুবককে দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তখন অনেকেই আনিকার বাড়িতে ভিড় জমান।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে একটি সামাজিক মাধ্যমের অ্যাপের মাধ্যমে ওয়াং ইউলাই ও আনিকা আক্তারের পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়।
সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে এবং একসঙ্গে নতুন জীবন শুরু করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে আসেন ওই চীনা যুবক।
জানা গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে আইন অনুযায়ী আনিকা আক্তারকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন ওয়াং ইউলাই।