পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। হজ-পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরব থেকে ফিরতি প্রথম ফ্লাইট শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে। এতে হজযাত্রীদের দেশে ফেরার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফিরে আসা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানির বোতল দিয়ে স্বাগত জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের অভ্যর্থনা জানান।
চলতি হজ মৌসুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দেয়। এখন হজ-পরবর্তী ফিরতি কার্যক্রমের আওতায় ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত ১০৬টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।