Ridge Bangla

চামড়া খাতে ১২ বিলিয়ন ডলারের রপ্তানির সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

চামড়া শিল্পে সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বাংলাদেশ বছরে ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি আয় করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শুক্রবার সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তরের সিদ্ধান্ত যথাযথ হলেও বাস্তবায়নে নানা ব্যবস্থাপনাগত দুর্বলতা ছিল। বিশেষ করে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালিত না হওয়ায় শিল্পখাত প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এ অবস্থার উন্নয়নে সরকার নতুন উদ্যোগ গ্রহণ করবে।

তিনি জানান, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের সক্ষমতা বৃদ্ধি, ক্রোমিয়াম পুনরুদ্ধার ব্যবস্থা জোরদার এবং ক্ষতিগ্রস্ত ট্যানারিগুলোকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রয়োজনে উদ্যোক্তাদের কারিগরি, আর্থিক ও নীতিগত সহায়তাও দেওয়া হবে।

এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের চামড়া শিল্প নগরীতে জমে উঠেছে কাঁচা চামড়ার বাজার। ঈদের দিন থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকভর্তি চামড়া সেখানে আসতে শুরু করে।

বিসিক সূত্র জানিয়েছে, শুক্রবার রাত ৯টা পর্যন্ত শিল্প নগরীতে ৫ লাখ ১৪ হাজার ৬৫০ পিস কাঁচা চামড়া জমা হয়েছে। ট্যানারিগুলোতে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। চামড়া সংরক্ষণ, লবণ প্রয়োগ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের কাজ চলছে পুরোদমে।

This post was viewed: 8

আরো পড়ুন