পর্যটন খাতকে আরও গতিশীল করতে ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু করেছে শ্রীলঙ্কা। সোমবার (২৫ মে) থেকে কার্যকর হওয়া এই উদ্যোগের আওতায় নির্ধারিত দেশের ভ্রমণকারীরা অন-অ্যারাইভাল ফ্রি ভিসা পাবেন ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রটিতে।
দেশটির ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় ভিসা সুবিধা দেওয়া হলেও, ভ্রমণের আগে পর্যটকদের অনলাইনে অনুমোদন নিতে হবে। নতুন তালিকায় ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব ও মালয়েশিয়াসহ ৪০টি দেশের নাগরিকরা রয়েছেন।
এই ভিসার আওতায় পর্যটকরা ৩০ দিনের জন্য শ্রীলঙ্কায় অবস্থান করতে পারবেন এবং ওই সময়ের মধ্যে দুবার দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। তবে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে প্রয়োজনীয় ফি পরিশোধ করতে হবে।
এদিকে, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় দেশটিতে মালদ্বীপের নাগরিকরা ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা সুবিধা পাবেন।