সুদানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর আল-টিনায় ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই নারী।
জানা গেছে, সোমবার স্থানীয় একটি বাজারে খাবার ও চা বিক্রি করছিলেন কয়েকজন নারী ব্যবসায়ী। এ সময় হঠাৎ সেখানে ড্রোন হামলা চালানো হলে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা যাচাইয়ের কাজ চলছে। স্থানীয়দের দাবি, হামলার পর ঘটনাস্থল থেকে অন্তত ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই নারী।
এই ঘটনার জন্য র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হচ্ছে, যদিও এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে দেশটির দারফুর অঞ্চলে মানবিক বিপর্যয়ের সঙ্গে খাদ্যসংকট তীব্র আকার ধারণ করেছে।