চট্টগ্রামের সাতকানিয়ায় মো. সেলিম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন।
পরে খতিরহাট এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ছৈয়দ হোসেনের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার চরতী ইউনিয়নের খতিরহাট সৈয়দের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম কাটাখালী এলাকার বাসিন্দা। হামলায় তাঁর সঙ্গে থাকা মো. মামুন ও সৈয়দ হোসেন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য মো. আলীর ভাষ্যমতে, সেলিম ও তাঁর সহযোগীরা একটি করাতকলে মাদক সেবন করছিলেন। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে সংঘর্ষে সেলিম নিহত হন।
তবে নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।