Ridge Bangla

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকায় সড়কে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর উন্নয়ন প্রকল্প ও কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতেই এই পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। বর্জ্য অপসারণে ধীরগতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ, ময়লা-আবর্জনা অপসারণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ব্যর্থতার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন