ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার ছুটুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার একটি ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে।
সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রায়হান। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।