শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের নবনির্বাচিত মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার। গত শুক্রবার প্যারিস সিটি হলে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার প্রসার ঘটাতে প্রতিবছর ‘সোশ্যাল বিজনেস ডে’ উদযাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ফ্রান্স, বিশেষ করে প্যারিসে সামাজিক ব্যবসার বিকাশ এবং এ খাতে শহরটির ভূমিকা তুলে ধরা হয়। এছাড়া সাবেক মেয়র আননে হাইদালগোর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘মেজঁ দে কানো’ নিয়েও আলোচনা হয়, যা সামাজিক ব্যবসা ও সামাজিক উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
এ সময় ড. ইউনূস তার ‘থ্রি জিরো’ ধারণা তুলে ধরেন। তিনি বলেন, এ উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বে নিট কার্বন নিঃসরণ, সম্পদের কেন্দ্রীভবন এবং বেকারত্ব শূন্যের কোটায় নামিয়ে আনা।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় সাত হাজার ‘থ্রি জিরো ক্লাব’ এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বলেও জানান তিনি।