বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির ভাষ্য অনুযায়ী, দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে হত্যা করা হয়। এরপর থেকেই দিনটি দলটির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হয়ে আসছে।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। একই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।
এছাড়া রাজধানীসহ সারা দেশের বিভিন্ন ইউনিটে আলোচনা সভা, মিলাদ মাহফিল, এতিম ও দুঃস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে অসচ্ছল মানুষের মধ্যে চাল, ডাল, কাপড়সহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
৩১ মে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।
মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি দেশব্যাপী প্রতিরোধযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে বিএনপি দাবি করে। পরবর্তীতে তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং জাতীয়তাবাদভিত্তিক রাজনৈতিক দর্শনের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেন।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রতিষ্ঠার উদ্যোগেও জিয়াউর রহমানকে অন্যতম স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করা হয়। দেশের অর্থনীতি, কৃষি ও অবকাঠামো উন্নয়নে তার অবদানও বিভিন্ন মহলে আলোচিত।