পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, ঈদের ছুটিকে সামনে রেখে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ বিষয়ে ভারতের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সময় বন্দরে পণ্য লোড-আনলোডসহ অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ থাকবে। তবে আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু হবে।
অন্যদিকে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা হোসেন।