ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (২৫ মে) ভোরে জোকারচর এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তরবঙ্গগামী একটি ট্রাকে রডের পাশাপাশি কয়েকজন যাত্রীও ছিলেন। ভোরের দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফোজিয়া হাবিব খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।