Skip to main content

Ridge Bangla

হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি

চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী। প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস।

শুক্রবার মক্কা থেকে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়া যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। এবার হজযাত্রী পরিবহনে অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

এর মধ্যে বিমানের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়ার ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটা ৭৩ হাজার ৯৩৫ জন। হজ ব্যবস্থাপনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি।

এদিকে সৌদি আরবের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। মৃতদের মধ্যে ১৪ জন মক্কায় এবং ৭ জন মদিনায় মারা গেছেন।

হজযাত্রীদের চিকিৎসাসেবায় নিয়োজিত মেডিকেল টিম শুক্রবার পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জনকে চিকিৎসা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ২০ হাজার ২৮৮ জন সেবা পেয়েছেন।

This post was viewed: 22

আরো পড়ুন