পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ কারণে আজ রোববারই (২৪ মে) ঈদের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল, যেখানে ঈদের দিন ২৮ মে সাধারণ ছুটি এবং ২৬-২৭ মে ও ২৯-৩১ মে নির্বাহী আদেশে মোট পাঁচ দিনের ছুটি রাখা হয়।
এর সঙ্গে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক করতে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে ২৫ মে ছুটি ঘোষণা করা হয় এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরবর্তীতে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, ঈদ উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস টানা সাত দিন বন্ধ থাকবে।