Ridge Bangla

রামিসা হত্যা মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিআইডির ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া নিপুনের কাছে ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হস্তান্তর করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্টরা জানান, ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর এখন মামলার অভিযোগপত্র বা চার্জশিট প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হলে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

This post was viewed: 7

আরো পড়ুন