পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যা এবং কর্মচারীদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের ৬৪ জেলার মোট ২৮ হাজার ৩৬৫ জন সদস্য ও চতুর্থ শ্রেণির কর্মচারী এ উপহার পেয়েছেন।
শনিবার ঢাকার খিলগাঁওয়ে আনসার-ভিডিপি সদর দপ্তরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আনসার-ভিডিপি সূত্র জানায়, সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপহারের প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি ও বিভিন্ন ধরনের রান্নার মসলা।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, “সংস্কার পরিকল্পনা-২০৩৫ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। সামনে এগিয়ে যাওয়ার এ যাত্রায় প্রতিটি সদস্যের আন্তরিকতা ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, বাহিনীর সক্ষমতা ও কার্যক্রম দিন দিন সম্প্রসারিত হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।