রাজধানীর পল্লবীতে আলোচিত সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৩ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ: দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদুল ফিতরের আগেই আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে এবং ঈদের ছুটির পরপরই আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করা যাবে।
তিনি আরও জানান, ডিএনএ রিপোর্ট ছাড়া অভিযোগপত্র দাখিল করলে বিচার প্রক্রিয়া পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকে। এ কারণে রিপোর্ট হাতে পাওয়ার পরই পুলিশ চার্জশিট দাখিল করবে।