Ridge Bangla

এক সপ্তাহে দেশের নদীতে ১৭টি মরদেহ উদ্ধার, ৩০২ জন গ্রেপ্তার

দেশের বিভিন্ন নদ-নদী থেকে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। একই সময়ে নদীপথে আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ থেকে ২১ মে পর্যন্ত বিভিন্ন নদীপথে অভিযান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনটি হত্যা মামলা এবং ১১টি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

একই সময়ে নদীপথে বিভিন্ন অপরাধ দমনে মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে মৎস্য আইন, বেপরোয়া গতির নৌযান, বালুমহাল, মাদক, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বিশেষ ক্ষমতা আইনের মামলা।

নৌ পুলিশ জানায়, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত ১৭৯টি স্থাপনা ধ্বংস করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় একাধিক বাল্কহেড ও ড্রেজারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া নদীপথে অপরাধ দমনে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অবৈধ জাল, মাছের রেণু ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে বলে জানানো হয়।

This post was viewed: 8

আরো পড়ুন