মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে বজ্রসহ বৃষ্টির সময় এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন রাজনগর উপজেলার তালেব মিয়া (৪০) এবং কমলগঞ্জ উপজেলার স্বপন মুন্ডা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে মাঠে ধান কাটার কাজ করছিলেন কৃষক তালেব মিয়া। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।
অন্যদিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান এলাকার বাসিন্দা স্বপন মুন্ডা একটি রাবার বাগানে কাজ করছিলেন। বৃষ্টির সময় বজ্রপাতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া এবং কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী।