ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হামলায় এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে হামলা চালায়। তার দাবি, প্রথমে তাদের লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল ছোড়া হয়, পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা করা হয়। এতে কয়েকজনের মাথা ফেটে যায় এবং একাধিক ব্যক্তি আহত হন।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাদের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে গেলে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে হামলার ঘটনা ঘটায়।
এই ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।