Ridge Bangla

মাদকবিরোধী অভিযানে হামলায় আহত ডিবি সদস্য, আটক ৪

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক ডিবি সদস্য গুরুতর আহত হওয়ার প্রেক্ষিতে চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত ডিবি সদস্য মৃনালকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত সদস্যের একটি ডিবি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের সঙ্গে মাদক উদ্ধার নিয়ে গোয়েন্দা পুলিশের উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। মাদক উদ্ধারের চেষ্টাকালে একজন তার কাছে থাকা মাদক পানিতে ফেলে দিলে সেটি উদ্ধারের সময় ডিবি সদস্য মৃনালের মাথায় ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাদক কারবারি শামীম মোল্লা (২৬), মুনসুর মোল্লা (৭০), আলাউদ্দিন (২৪) ও আরিফ মোল্লাকে (২৩) গ্রেফতার করে।

জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান জানান, অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে এবং পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে দুটি মামলা দায়ের করা হবে।

This post was viewed: 9

আরো পড়ুন