Ridge Bangla

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মো. সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শান্ত (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চৌমুহনী–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে একটি পণ্যবাহী ট্রাক চৌমুহনীর দিকে যাচ্ছিল। একই সময়ে দুই তরুণ মোটরসাইকেলে করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহত শান্তকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।

This post was viewed: 5

আরো পড়ুন