Ridge Bangla

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: সেতুমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সবার সহযোগিতা ও সচেতনতা থাকলে এবারের ঈদযাত্রা আগের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক হবে।

শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর সড়কপথে যাত্রী ও কুরবানির পশু পরিবহনের চাপ বেড়ে যায়। এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অনুকূল আবহাওয়া ও জনসচেতনতা থাকলে এবারের যাত্রা নির্বিঘ্ন হবে।

সড়ক দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রতিবছর গড়ে সাড়ে চার হাজার মানুষ প্রাণ হারান। চালকদের অদক্ষতা, অনুপযোগী যানবাহন এবং সাধারণ মানুষের অসচেতনতা দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সবসময় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের সহায়তায় ৮৬ জন নিহতের পরিবার এবং ৩৩ জন আহত ব্যক্তির পরিবারের মধ্যে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

This post was viewed: 8

আরো পড়ুন