জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথমটি শুরু হবে সকাল ৭টায়।
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জানিয়েছে, পাঁচটি জামাতের জন্য ইমাম ও মুকাব্বিরদের দায়িত্ব চূড়ান্ত করা হয়েছে। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। এতে মুকাব্বির হিসেবে উপস্থিত থাকবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।
পরবর্তী জামাতগুলো সকাল ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে থাকবেন ইফার জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। এ সময় মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাতের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।
চতুর্থ জামাতে ইমাম হিসেবে থাকবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।
সর্বশেষ পঞ্চম জামাতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। এতে মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।
এছাড়া নির্ধারিত ইমাম বা মুকাব্বির অনুপস্থিত থাকলে বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হয়ে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশগ্রহণের অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।