ইউক্রেন যুদ্ধ ও বাল্টিক অঞ্চলে উত্তেজনার মধ্যেই বেলারুশের ফিল্ড স্টোরেজ সুবিধায় পরমাণু অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটি তাদের কৌশলগত পারমাণবিক সক্ষমতার প্রদর্শনীও চালিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণে অংশ নেওয়া বেলারুশের ক্ষেপণাস্ত্র ইউনিট বর্তমানে তাদের শক্তিশালী ‘ইস্কান্দার এম’ ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য বিশেষ পারমাণবিক যুদ্ধাস্ত্র গ্রহণ প্রশিক্ষণ নিচ্ছে। এর মধ্যে রয়েছে সামরিক যানে এসব অস্ত্র লোড করা ও অত্যন্ত গোপনে উৎক্ষেপণের জন্য নির্ধারিত পয়েন্টে অবস্থান নেওয়া।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পরিচালিত অন্যতম বৃহৎ এই পারমাণবিক মহড়ায় রাশিয়া প্রায় ৬৪ হাজার কর্মী যুক্ত করেছে। এতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যুদ্ধবিমান, পারমাণবিক সক্ষমতাসম্পন্ন সাবমেরিন ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে।
মস্কো অভিযোগ করেছে, বাল্টিক অঞ্চলের দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার উত্তরাঞ্চলে হামলার জন্য আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে ন্যাটো এ অভিযোগ অস্বীকার করেছে।