পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়া গ্রামে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক লিচু বাগান, যেখানে প্রায় ২০০টি গাছের লিচু যে কেউ বিনামূল্যে খেতে পারছেন। প্রায় ৮ বিঘা জমির এই বাগানে নেই কোনো পাহারাদার, নেই প্রবেশ নিষেধাজ্ঞা কিংবা টাকা নেওয়ার ব্যবস্থা।
জ্যৈষ্ঠের তীব্র গরমে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো লিচু। দূর থেকে আসা মানুষ থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসী- সবাই নিজ হাতে গাছ থেকে লিচু পেরে খাচ্ছেন নির্বিঘ্নে। বাগানজুড়ে বইছে উৎসবের আমেজ।
এই মানবিক উদ্যোগের পেছনের মানুষটি হলেন পাবনা শহরের ব্যবসায়ী ও কৃষিবিদ মোস্তফা জামাল শামীম। তিনি পাবনা কলেজের কৃষি বিষয়ের শিক্ষক এবং ‘কিমিয়া সেন্টার’-এর স্বত্বাধিকারী। প্রায় ১৮ বছর আগে নিজের অর্থায়নে কেনা জমিতে তিনি এই লিচু বাগান গড়ে তোলেন।
তিনি শুরু থেকেই সিদ্ধান্ত নেন, এই বাগানের কোনো ফল বিক্রি করা হবে না। মানুষের জন্য উন্মুক্ত থাকবে পুরো বাগান। পাশাপাশি পাখি ও প্রাণীরাও যাতে নির্বিঘ্নে ফল খেতে পারে, সে জন্য কোনো জাল বা বেড়া ব্যবহার করা হয়নি।
স্থানীয়রা জানান, এমন উন্মুক্ত বাগান তাদের জন্য আনন্দের জায়গা হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও দরিদ্র মানুষেরা এখানে এসে বিনামূল্যে লিচু খেতে পারায় দারুণ খুশি।