নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ভারতের গোয়ায় পৌঁছাবে। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এবারের আসরে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা।
আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছে দলটি। ক্যাম্পে কৌশলগত অনুশীলন, অবস্থান সচেতনতা ও কারিগরি শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শেষ দিনে ফুটবলাররা ভাগ হয়ে অনুশীলন ম্যাচেও অংশ নেন।
আগামী ২৫ মে গোয়ায় শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। এরপর ৩১ মে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দলটি।
২০২২ ও ২০২৪ সালে নেপালে টানা দুইবার সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী দল। এবার লক্ষ্য সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করা।
দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা বলেন, থাইল্যান্ডের গরম আবহাওয়ায় অনুশীলন করায় গোয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে। তিনি জানান, দল শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত এবং দেশের মানুষের সমর্থন নিয়ে মাঠে নামতে চায়।