Ridge Bangla

হামে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৬১ জন

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৬১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া সাত শিশুর মধ্যে তিনজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময়ে ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এছাড়া নতুন করে ২০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ২৭৫ জন।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৩৬ জন।

This post was viewed: 8

আরো পড়ুন