Ridge Bangla

জাপানের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন করল মন্ত্রিসভা

জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সম্পাদিত এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময়ের সুযোগ তৈরি হবে।

একই বৈঠকে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়। সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতি- বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতাবাঘ, পুমা, জাগুয়ার ও চিতা সংরক্ষণের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক জোট ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’-এর ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এছাড়া বৈঠকে বৈশ্বিক অভিবাসন ব্যবস্থাপনা সংক্রান্ত ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন’ বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০) অনুমোদন করা হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন