বিশ্বকাপের গ্রুপ ‘কে’তে আগামী ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ডিআর কঙ্গো। ১৯৭৪ সালের পর প্রথম বিশ্বমঞ্চে ফেরা দলটি এই টুর্নামেন্টকে ঘিরে উৎসবের আবহে থাকলেও, দেশজুড়ে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব সেই উচ্ছ্বাসে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
দেশটির ইতুরি প্রদেশে ছড়িয়ে পড়া ইবোলার ‘বুন্দিবুগিও’ স্ট্রেনকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে ৫০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, যার মধ্যে প্রাণহানির শিকার ১৩০ জন।
এ পরিস্থিতিতে শুরুতে ডিআর কঙ্গো দলের যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত স্বস্তি পেয়েছেন ফুটবলাররা।
মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা এএফপিকে জানান, “আমরা আশা করছি, কঙ্গো দল নির্ধারিত সময়েই বিশ্বকাপে অংশ নিতে পারবে। তাদের খেলোয়াড়দের বেশিরভাগই ইউরোপে থাকায় আক্রান্ত অঞ্চলের সংস্পর্শে আসেনি। তাই তাদের জন্য বিশেষ স্বাস্থ্য প্রোটোকল তৈরি করা হচ্ছে।”
তবে খেলোয়াড়রা ছাড়পত্র পেলেও, কঙ্গোর সাধারণ দর্শকদের ক্ষেত্রে আপোষহীন অবস্থানে রয়েছে মার্কিন প্রশাসন। ডিআর কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আগত সাধারণ ভ্রমণকারীদের ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। ফলে, বিশ্বকাপের প্রথম দিকে মাঠে বসে প্রিয় দলকে সমর্থন জানিয়ে চিৎকার করার সুযোগ পাচ্ছেন না কঙ্গোর সমর্থকেরা।