দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৯টায় দেশের সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে বাংলাদেশ। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল। নতুন রেকর্ডের মাধ্যমে আগের সর্বোচ্চ উৎপাদন ছাড়িয়ে গেছে বিদ্যুৎ খাত।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা জানান, গ্রীষ্ম মৌসুমে বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে। তাপমাত্রা বৃদ্ধির কারণে আবাসিক খাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বেড়ে যাওয়ায় পিক আওয়ারে বিদ্যুতের চাপ বৃদ্ধি পায়।
দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের সবচেয়ে বড় অংশ আসে আবাসিক খাত থেকে। মোট ব্যবহারের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বিদ্যুৎ বাসাবাড়িতে ব্যবহৃত হয়। এছাড়া শিল্প খাতেও উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। মোট চাহিদার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ আসে তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল ও অন্যান্য ভারী শিল্প কারখানা থেকে।