Skip to main content

Ridge Bangla

তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের মজুত নিশ্চিত করতে তাইওয়ানের কাছে প্রায় ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সিনেটের এক শুনানিতে এ তথ্য জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান হাং কাও।

সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস সাবকমিটি অন ডিফেন্সে তিনি বলেন, “এপিক ফিউরি” অভিযানের জন্য প্রয়োজনীয় গোলাবারুদের পর্যাপ্ততা নিশ্চিত করতেই আপাতত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত মজুত থাকলেও পরিস্থিতি নিয়ে আরও নিশ্চিত হতে চায় প্রশাসন।

হাং কাও আরও জানান, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বিদেশে সামরিক সরঞ্জাম বিক্রির কার্যক্রম আবার চালু হতে পারে। তিনি বলেন, তাইওয়ানের সঙ্গে এই অস্ত্র চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

উল্লেখ্য, মার্কিন কংগ্রেস চলতি বছরের জানুয়ারিতে তাইওয়ানের জন্য এই অস্ত্র প্যাকেজ অনুমোদন করে। তবে এটি কার্যকর করতে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন। অনুমোদন পেলে এটি তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রির রেকর্ড গড়বে, যা গত ডিসেম্বরে অনুমোদিত ১১ বিলিয়ন ডলারের প্যাকেজকেও ছাড়িয়ে যাবে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকেও এই অস্ত্র চুক্তি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল। যা এর স্থগিতাদেশে ভূমিকা রাখতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

This post was viewed: 33

আরো পড়ুন