Skip to main content

Ridge Bangla

২২ বছর পর লিগ শিরোপার দেখা পেল আর্সেনাল

২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল। মঙ্গলবার বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করায় মিকেল আর্তেতার দলের শিরোপা নিশ্চিত হয়। গত তিন মৌসুম ধরে রানার্সআপ হওয়ার পর এবার শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেল গানার্সরা। একই সঙ্গে শেষ হলো তাদের ছয় বছরের শিরোপা খরা।

এর আগে সোমবার বার্নলিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে যায় আর্সেনাল। বার্নলির বিপক্ষে পাওয়া জয়ে সিটির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে যায় দলটি। এছাড়া মৌসুমজুড়েও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে গানার্সরা। শেষ পর্যায়ে সিটির কাছে হারলেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা চার ম্যাচ জেতে তারা, যেখানে একটি গোলও হজম করেনি।

অন্যদিকে শিরোপা ধরে রাখতে জয়ের বিকল্প ছিল না সিটির। কিন্তু বোর্নমাউথ তাদের সেই সুযোগ দেয়নি। ৩৯ মিনিটে এলি জুনিয়র ক্রুপির দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ক্রুপির এই গোলটি ছিল প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমে কোনো টিনেজারের ১৩ গোলের নতুন রেকর্ড।

গোল খেয়ে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা করা ম্যানচেস্টার সিটি একের পর এক সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি। একদম শেষ মুহূর্তে আর্লিং হলান্ড গোল করে সমতা ফেরালেও তা সিটির শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়নি।

এই ড্রয়ের ফলে ৩৭ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭৮। সমান ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৮২। লিগে একটি করে ম্যাচ বাকি দুই দলেরই। ফলে শেষ ম্যাচ জিতলেও সিটির আর আর্তেতার দলকে ছোঁয়া সম্ভব নয়। ফলে চলতি ২০২৫/২৬ মৌসুমের শেষ দিনে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে আর্সেনাল যখন মাঠে নামবে, তখন তাদের নামের পাশে জ্বলজ্বল করবে ‘চ্যাম্পিয়ন’ তকমা। এটি গানারদের ইতিহাসের ১৪তম লিগ শিরোপা, যা ইংলিশ ফুটবল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

এদিকে এই ড্রয়ে বোর্নমাউথ ঘরোয়া লিগে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবলে খেলার সুযোগও নিশ্চিত করেছে। অন্যদিকে গার্দিওলার জন্যও এটি একটি রেকর্ড। কোচিং ক্যারিয়ারে প্রথমবার টানা দুই মৌসুম লিগ শিরোপাহীন থাকলেন তিনি।

This post was viewed: 53

আরো পড়ুন