Ridge Bangla

কালবৈশাখীর তাণ্ডবে মাদারগঞ্জে বিদ্যুৎহীন লাখো মানুষ

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অন্তত ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে প্রায় এক লাখ মানুষ। বৃহস্পতিবার (২১ মে) সকালের ঝড়ের পর উপজেলার প্রায় ৪০টি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা শুক্রবার পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি।

জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মোবাইল চার্জ, ইন্টারনেট সংযোগ ও খাবার সংরক্ষণ নিয়ে দুর্ভোগ বেড়েছে।

কড়ইচড়া ইউনিয়নের বাসিন্দারা জানান, টানা বিদ্যুৎ না থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যাচ্ছে এবং রাত কাটাতে হচ্ছে অন্ধকারে। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্কও দুর্বল হয়ে পড়েছে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা যায়, ঝড়ের সময় বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ে। এতে অন্তত সাতটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতে মাঠপর্যায়ে কাজ চলছে। কয়েকটি এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু হলেও জনবল সংকটের কারণে কাজ বিলম্বিত হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন