খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ি দুটি আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে একটি চায়না রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২১ মে) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
অভিযান চলাকালে সশস্ত্র ব্যক্তিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে আত্মরক্ষার্থে সেনাসদস্যরাও পাল্টা গুলি চালালে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্য হতাহত হননি।
পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড তাজা গুলি, দুটি এফসিসি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।