পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রস্তাব অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম বর্তমানের তুলনায় ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানো হতে পারে।
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরা হয়। শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে সংস্থাটির সম্ভাব্য ঘাটতি প্রায় ৬২ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে তা আরও বেড়ে ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।
তিনি জানান, জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, ডলার সংকট, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া এবং ভর্তুকির চাপ সামাল দিতে মূল্য সমন্বয়ের প্রস্তাব আনা হয়েছে। বিশেষ করে এলএনজি, কয়লা ও ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংগঠনের সদস্যরা।