Ridge Bangla

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্টে ঐতিহাসিক জয় বাংলাদেশের

সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এর মাধ্যমে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশের স্বাদ পেল টাইগাররা।

ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র তিনটি উইকেট। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান তুলে লড়াইয়ে ছিল পাকিস্তান। তবে শেষ দিনে বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে আর টিকতে পারেনি সফরকারীরা।

পঞ্চম দিনে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান ধীরে ধীরে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। গুরুত্বপূর্ণ সময়ে সাজিদ খানকে ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এরপর ৯৪ রানে থাকা রিজওয়ানও সেঞ্চুরির আগে থামেন। শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

শেষদিকে খুররাম শেহজাদ শূন্য রানে আউট হলে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ৩৫৮ রানে। বাংলাদেশের হয়ে অসাধারণ বোলিং করেন তাইজুল ইসলাম, যিনি ১২০ রানে ৬ উইকেট নেন। নাহিদ রানা নেন ২ উইকেট এবং মেহেদী মিরাজ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট পান।

এর আগে প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৭৮ রান তোলে। জবাবে পাকিস্তান করে ২৩২ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রানে থামে এবং সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। মিরপুরে প্রথম টেস্ট জয়ের পর সিলেটেও জয় তুলে নিয়ে সিরিজ ২–০ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।

This post was viewed: 10

আরো পড়ুন