দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা ও সীমান্তবর্তী ভারতের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ ভূমিকম্পে হবিগঞ্জসহ আশপাশের কয়েকটি এলাকা সাময়িকভাবে কেঁপে ওঠে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হবিগঞ্জ জেলার গজনাইপুর এলাকা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর ও ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকায় কম্পন অনুভূত হয়। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও ভূমিকম্প টের পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে বলা হয়, এটি একটি ‘মৃদু’ মাত্রার ভূমিকম্প ছিল এবং স্বল্প সময় স্থায়ী হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই।