Ridge Bangla

ওমান থেকে দেশে ফিরল একই পরিবারের চার ভাইয়ের মরদেহ

ওমানে গাড়ির ভেতরে এয়ার কন্ডিশনের ত্রুটিপূর্ণ এক্সজস্ট থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে মৃত্যুবরণ করা রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামে মরদেহ গ্রহণ করা হয়।

মরদেহ গ্রহণ করেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এ সময় তিনি কফিনের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

তিনি জানান, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনার কথা বলা হলেও পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে, গাড়ির এসি সিস্টেম থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসেই চার ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম।

সংসদ সদস্য আরও জানান, মাত্র চার দিনের মধ্যেই সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে ওমানে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের জন্য ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যাতে মরদেহ গ্রামে পৌঁছে দাফন কার্যক্রম সম্পন্ন করা যায়।

এদিকে বুধবার (২০ মে) সকাল ১১টায় রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দেরাজাপাড়া এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে স্থানীয় কবরস্থানে পাশাপাশি চারটি কবর খনন করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন