রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন।
ঘোষিত রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত জানান, নির্ধারিত জরিমানা অনাদায়ে বিদিশাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বাদীপক্ষের আইনজীবী মো. হেমায়েত উদ্দিন খান হিরন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদিশা সিদ্দিক পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে এক ব্যবসায়ী গুলশান থানায় এ মামলা দায়ের করেন।
This post was viewed: 12