দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসা ও গণমাধ্যম সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
দেইর কানুন আল-নাহর এলাকায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে বিমান হামলায় ১০ জন নিহত হন। এছাড়া কফারসির এলাকায় দুই নারীসহ চারজন এবং হারুফ ও ফ্রুন শহরেও একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, জাল আল-আলাম এলাকায় চালানো হামলায় একটি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমও সীমান্তবর্তী এলাকায় হামলায় হতাহতের তথ্য জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া যুদ্ধে দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে। এতে আহত হয়েছেন আরও ৯ হাজার ৩০১ জন।