Ridge Bangla

সেনা কর্মকর্তা তানজিম হত্যা: মৃত্যুদণ্ড-যাবজ্জীবনসহ ১৩ জনের সাজা

কক্সবাজারের ডুলাহাজারায় সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হওয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে অভিযোগ থেকে খালাস প্রদান করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী বুধবার (১৯ মে) দুপুরে এ রায় পাঠ করেন। রায় ঘোষণাকালে ১৮ আসামির মধ্যে ১২ জনই আদালতে হাজির ছিলেন।

পুলিশের তথ্যমতে, শুরুতে ১৭ জনের নামে মামলা দায়ের হলেও তদন্তে ছয়জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে এজাহারের বাইরে আরও সাতজনের সম্পৃক্ততা পাওয়ায় মোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, হত্যা এবং অস্ত্র আইনে পৃথক মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর অস্থিতিশীল সময়ে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ভোরে কক্সবাজারের ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে অংশ নেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। অভিযানের সময় ডাকাতদের ছুরিকাঘাতে তিনি নিহত হন। এ ঘটনায় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটকের পাশাপাশি একটি দেশীয় বন্দুকসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা মামলা করেন। পরে চকরিয়া থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে একই আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। চার মাস তদন্ত শেষে গত বছরের ১৯ জানুয়ারি ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেছিলেন।

This post was viewed: 11

আরো পড়ুন